
ডেস্ক রিপোর্ট: গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম।
শুক্রবার (২৮ আগস্ট) জুম্মাবাদ সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন কাশেমপুর মাদ্রাসা প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, বর্তমান সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জিএম নূর ইসলামের বড় ছেলে ও দৈনিক দৃষ্টিপাতের বার্তা সম্পাদক আদম শফিউল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিএম নুর ইসলাম।
জীবদ্দশায় তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। জিএম নুর ইসলাম বিভিন্ন সময়ে সাতক্ষীরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন।
আশির দশকে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিপণনকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যম জগতে প্রবেশ করেন জিএম নুর ইসলাম। এরপর খুলনার দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি হিসেবে শুরু করেন সাংবাদিকতা। ২০০০ সালে বাজারে আসে তার মালিকানাধীন পত্রিকা দৈনিক দৃষ্টিপাত। জীবনের শেষ দিন অবধি তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
মন্তব্য করুন