
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সাম্যের বার্তা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। নজরুলের জীবনাদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন