
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে রাতের আঁধারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা কৌশলে বাড়ির বারান্দার রেলিংয়ের সিটকানি খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ফতেপুর গ্রামের খালধার এলাকার শহীদ মোড়লের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে শহীদ মোড়ল, তার স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়েন। এ সময় বারান্দার কাঠের রেলিংয়ে সিটকানি দেওয়া ছিল। চোরেরা সেটি খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যরা যাতে ঘর থেকে বের হতে না পারেন সেজন্য বাইরে থেকে দরজার সামনের ছিটকানি লাগিয়ে দেয়। এসময় চোরেরা ঘরে ঢুকে আলমারি ও বাক্স তছনছ করে। আলমারির ভেতর থেকে নগদ ৩ হাজার ৪০০ টাকা এবং বাক্সে রাখা স্বর্ণের কানের দুল, নাকফুল ও নূপুর নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পরিবারটি।
শহীদ মোড়লের স্ত্রী জানান, রাত ১১টার দিকে তার ঘুম ভেঙে যায়। পরে তিনি বাইরে এসে পাশের ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে গিয়ে দেখেন, আলমারি ও বাক্সপত্র উলটপালট অবস্থায় রয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নেই।
এ ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারটি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান হাওলাদার জানান, এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি| অভিযোগ পেলে তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন