
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশের (৬৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিনিয়র দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে মামলার নথি অনুযায়ী, আশাশুনি থানার মামলা নম্বর ২৪, তারিখ ২৩ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে। মামলায় রাজ্যেশ্বর দাশকে এজাহারনামীয় ৪১ নম্বর আসামি করা হয়েছে। গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে আশাশুনি থানা-পুলিশ। পরে তাকে আশাশুনির আমলি আদালত-৮-এ হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত তিনি নয় দিন হাজতে ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সেখানে থাকা রাজনৈতিক নেতাদের ছবি ভাঙচুরের সঙ্গে রাজ্যেশ্বর দাশ জড়িত। এছাড়া রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের চেষ্টা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত করার অভিযোগও আনা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ভারতে যাওয়ার সময় বিজিবির ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা রাজ্যেশ্বর দাশকে গ্রেপ্তার করেছিলেন। পরে জামিনে মুক্ত হলেও আশাশুনি থানায় দায়ের করা একটি মামলায় তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। সর্বশেষ ২৫ আগস্ট সরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন