
ডেস্ক রিপোর্ট: আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৯ ধাপের এক বিশাল লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন বাংলাদেশের এই তরুণ পেস বোলিং সেনসেশন। নারী এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা আক্তার।
মঙ্গলবার আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, মারুফা ছাড়াও উন্নতি হয়েছে বাংলাদেশের সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার দোলাদের।
এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মারুফা।
পরের ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। এমন নজরকাড়া নৈপুণ্যের সুবাদে বোলারদের র্যাংকিংয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ২১ বছর বয়সী এই পেসার।
৬২২ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিং ও রেটিং; দুটিতেই নিজের ক্যারিয়ার সেরা উচ্চতা স্পর্শ করলেন তিনি। এর আগে গত মে মাসে তিনি ২৩ নম্বর স্থানে উঠেছিলেন।
মারুফার পাশাপাশি সুখবর পেয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুনও। লঙ্কানদের বিপক্ষে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়ার সুবাদে ৯ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের তালিকায় ৩৭ নম্বরে। তবে র্যাংকিংয়ে কিছুটা অবনমন হয়েছে লেগ স্পিনার রাবেয়া খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের। রাবেয়া এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং নাহিদা চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন।
ব্যাটারদের র্যাংকিংয়ে সেরা বিশে বাংলাদেশের কেউ না থাকলেও উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলে তিন ধাপ উন্নতি হয়েছে সোবহানা মোস্তারির; তিনি এখন ৩৬ নম্বরে। এছাড়া পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন ওপেনার দিলারা আক্তার।
মন্তব্য করুন