
ডেস্ক রিপোর্ট: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ২০২৫-২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।
সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
এরপর ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাঁচ দিনের এই টেস্ট চলবে ১ নভেম্বর পর্যন্ত। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এই ম্যাচও শুরু হবে সকাল ১০টায়।
মন্তব্য করুন