
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও ধর্মীয় বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মাকের্ট মোড়স্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্র্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মহিদার রহমান, আসাদুজ্জামান সরদার, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল সাংবাদিককে ‘জাহান্নামী’ বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা সমাজের আয়না ও জাতির বিবেক। তারা সর্বদা নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে সাহসিকতার সাথে কাজ করেন। তাদের বিরুদ্ধে এমন ঢালাও ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
চিকিৎসাসেবার চিত্র তুলে ধরে বক্তারা আরও বলেন, অথচ আজ চিকিৎসকদের একটি বড় অংশ চিকিৎসাসেবার নামে অবাধ ব্যবসা ও মানুষের জীবন নিয়ে খেলা করছেন। ফলে দেশের স্বাস্থ্য খাত আজ সবচেয়ে অবহেলিত ও দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে।
একইসাথে এনায়েত উল্লাহ আব্বাসীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
এছাড়া, সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন