

উপকূলীয় প্রতিনিধি: বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মথুরাপুর কৃষি নারী সংগঠনের সভাপতি সরমা রানীর সভাপতিত্বে এবং বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাল, মুন্সিগঞ্জ কলেজের প্রভাষক আশুতোষ মন্ডল, সবুজ সংহতির সদস্য ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কৃষাণী অনিমা রানী, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, যুব স্বেচ্ছাসেবক টিমের প্রকাশ মন্ডল, বরসা গাইন প্রমুখ।
বক্তারা বলেন, মাটি ও পানি পরিবেশ এবং কৃষিসহ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন, যেটি মাটি ও পানির উপর নির্ভর করে। অতীতে ফসল চাষাবাদ হতো মাটির নিজস্ব উর্বরা শক্তিতে। তখন ছিলো না বাড়তি কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার। কিন্তু এখন মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। একইসাথে উপকূলীয় এলাকায় নানা দুর্যোগের সাথে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মাটির গুণাগুণ ঠিক রাখতে না পারলে আগামীতে ফসল উৎপাদন ব্যাহত হবে।
বক্তারা রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলানোর উপর গুরুত্বারোপ করেন।
এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মধুরাপুর কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন ও প্লাকার্ডেরে মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।
মন্তব্য করুন