
সুলতান শাহাজান, শ্যামনগর: মুক্তচিন্তা ও বুদ্ধিভিত্তিক জাতি গঠনের প্রত্যয় নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াসের ঘটনায় তীব্র নিন্দা জানান। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের উপর দাড়িয়ে আদর্শিক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, প্রাক্তন শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, নাসিমা আনোয়ার, সামিউল মনির, তাজরিন সুলতানা তৃণা প্রমুখ।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ ড. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক কাউন্সিলের ড. প্রতাপ কুমার রায়, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহবায়ক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ড. মোঃ জহুরুল ইসলাম।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মন্তব্য করুন