বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষসহ ৬ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে বৈশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বৈশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী।
পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছয়জনকে গুতিয়ে গুরুতর জখম করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিংস্র মহিষটিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, বিল্লাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অবস্থা গুরুতর।
মন্তব্য করুন