
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মাছুরা বেগম (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাছুরা বেগম শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবু বক্কর গাজীর মেয়ে ও একই এলাকার আব্দুস সোবহানের স্ত্রী।
দায়িত্বশীল সূত্র জানায়, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ডাকাত দলের সাথে সখ্যতা গড়ে ওঠে মাছুরার। বিয়েও করে ডাকাত দলের এক সদস্যকে। একপর্যায়ে মাছুরা ডাকাতির মালামাল বিক্রির দায়িত্ব পালন করতে থাকে। সর্বশেষ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মধূসুদন কর্মকারের বাড়ি থেকে ডাকাতি হওয়া স্বর্ণ বিক্রয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের সাথে মাছুরা বেগমের সখ্যতা থাকায় লুণ্ঠিত স্বর্ণালংকার তার কাছে গচ্ছিত রাখে এবং পরবর্তীতে লুণ্ঠিত স্বর্ণালংকার তার দ্বারা অজ্ঞাত স্থানে বিক্রি করা হয়। তদন্তকালে পুলিশ মোবাইল টেকনোলজি ব্যবহার করে উক্ত মামলার সাথে মাছুরা বেগমের জড়িত থাকার প্রমাণ পায়।
একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে মাছুরা শ্যামনগরের একটি জুয়েলার্সে কিছু স্বর্ণের গহনা বিক্রি করেছে।
প্রসঙ্গত, গত ৫ জুলাই দিবাগত রাতে কালিগঞ্জের মধুসূদন কর্মকারের বসতবাড়িতে ৫/৬ জন ডাকাত প্রবেশ করে তাকে ও তার স্ত্রীসহ এক ভাইকে ছুরি ও লোহার রড দিয়ে গুরুতর জখম করে নগদ ২২ হাজার টাকা, ৭ ভরি ০৯ আনা ওজনের স্বর্ণের গহনা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

মন্তব্য করুন