এম জুবায়ের মাহমুদ: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ কর্মশালার আয়োজন করে।
রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, টুরিস্ট পুলিশের এসআই দেবব্রত, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার, জেলা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খাতুন, সহ-সভাপতি জুলেখা পারভীন, ইয়ুথ ফর দ্য সুন্দরবন ফোরামের আহ্বায়ক মুন্তাকিমুল ইসলাম, আশিকুর রহমান আশিক প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি গোটা বিশ্বের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এ বন রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
কর্মশালায় শিক্ষক, পরিবেশবিদ, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, তরুণ-তরুণী, স্থানীয় জনগণ, সরকারি প্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এতে সুন্দরবনের জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করে দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
মন্তব্য করুন