
ডেস্ক রিপোর্ট: তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা ফুটবল দল।
রবিবার (১২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বরিশাল জেলা ফুটবল দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে সাতক্ষীরা।
খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা ট্রাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরিদ আহমেদ, আনিছুর রহমান ও নুরুন্নবী।
পরে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফরি তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, মুহা. জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা স্টেডিয়ামে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

মন্তব্য করুন