
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে, নির্বাচন কমিশনকে (ইসি) সে ব্যবস্থা নিতে বলেছে গণঅধিকার পরিষদ।
বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর দলটির সহ-সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী নির্বাচনে উপদেষ্টা পরিষদের কেউ যেন ভোটে অংশ নিতে পারে, সে বিধান করার জন্য আমরা বলেছি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বৈঠকে দলটির সাত সদস্যের প্রতিনিধি অংশ নেন। এ সময় তারা নয়টি দাবি তুলে ধরেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্রনেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।
গণঅধিকার পরিষদের লিখিত প্রস্তাবনা
১। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করা।
২। রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা।
৩। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিণে জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
৪। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালটবাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সাথে রাখা।
৫। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও কালো ভোটের অভিযোগ থাকলে ভোটগ্রহণ বন্ধ করা।
৬। কোনো প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান, ভয়-ভীতি প্রদর্শন করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা।
৭। বিগত তিনটি (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করেছে, এমন কোনো কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা।
৮। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন বিধান যুক্ত করা।
৯। তফসিলের পর প্রশাসনকে ঢেলে সাজানো।
মন্তব্য করুন