
স্পোর্টস ডেস্ক: ভারতের ঘরোয়া টুর্নামেন্ট দিলীপ ট্রফির ফাইনালে ব্যাটে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটালেন ইস্ট জোনের অধিনায়ক ঈশান কিষান। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে অসাধারণ ডাবল সেঞ্চুরিকে ২৭০ রানে রূপ দিয়ে একগুচ্ছ রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
সোমবার (৭ সেপ্টেম্বর) ১১১ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা ঈশান সাউথ জোনের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। প্রথমে ২৭০ বলে ২০০ রানের দেখা পাওয়ার পর একপর্যায়ে ক্লান্তিজনিত কারণে ২৫০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরবর্তীতে নবম উইকেটে পুনরায় মাঠে নেমে ৩৩৪ বলে ৩০টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭০ রান করে সাজঘরে ফেরেন।
ঈশানের এই মহাকাব্যিক ট্রিপল-সেঞ্চুরির প্রায় কাছাকাছি ইনিংস ও মিডল অর্ডার ব্যাটার কুমার কুশাগ্রের ১৩২ বলে ১০১ রানে ভর করেই প্রথম ইনিংসে ১৬৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০৮ রানের পাহাড় গড়েছে ইস্ট জোন।
দিলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান করা ইস্ট জোনের প্রথম ব্যাটার হলেন ঈশান। এর আগে এই দলের হয়ে দিলীপ ট্রফিতে জোড়া শতরান করেছিলেন অরুণ লাল এবং সাবা করিম। তবে ফাইনালের মঞ্চে এমন কীর্তি এই প্রথম। শিরোপা নির্ধারণী এর আগে সর্বোচ্চ ১৭০ রানের রেকর্ডটি ছিল আরেক উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার।
সব মিলিয়ে দিলীপ ট্রফির ফাইনালে ২০০-এর বেশি রান করা ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটার হলেন ঈশান। তার আগে এই অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন রমন লাম্বা, যশস্বী জয়সওয়াল, চেতেশ্বর পূজারা, অংশুমান গায়কওয়াড়, ইউসুফ পাঠান ও মনসুর আলী খান পতৌদির মতো তারকারা। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলেন ঈশান।
দিলীপ ট্রফির ফাইনালের ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন ঈশানের দখলে। তিনি ২০১০ সালের ফাইনালে দিনেশ কার্তিকের (১৮৩ রান) রেকর্ডটি ভেঙে দেন। একইসঙ্গে টুর্নামেন্টের ফাইনালে প্রথম অধিনায়ক-উইকেটকিপার হিসেবে দ্বিশতরান করার কৃতিত্ব দেখালেন তিনি।
মন্তব্য করুন