
শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব।
নির্বাচনী প্রস্তুতি সভায় নেতারা কেন্দ্রের সিদ্ধান্ত ও মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
বক্তারা বলেন, তারেক রহমান যার হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন, আমরা তাকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়বো। ব্যক্তি আমাদের কাছে কোনো বিষয় নয়। দল যাকে মনোনয়ন দিয়েছে, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেজন্য ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জুলফিকার সিদ্দিকের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জুলফিকার সিদ্দিক বলেন, আমরা কোন ভাই বা নেতা চিনি না, চিনি ধানের শীষ। দলকে বিজয়ী করতে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, প্রার্থীর প্রতীকই আমাদের মূল লক্ষ্য।
এসময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন