
রিজাউল করিম: ঢাকার বাসায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের সাথে দেখা করলেন না ডা. শহিদুল আলম। ডা. আলম এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন দলটির জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য ডা. শহিদুল আলমের ঢাকার বাসায় যান। এসময় তিনি দীর্ঘক্ষণ ডা. আলমের বাসার ড্রয়িং রুমে অপেক্ষা করেন।
তবে, বাড়িতে অবস্থান করলেও কাজী আলাউদ্দিনের সাথে দেখা করেননি তিনি।
এক পর্যায়ে ড্রয়িং রুমে অপেক্ষমাণ কাজী আলাউদ্দিনকে বার্তা পাঠিয়ে ডা. শহিদুল আলম জানান, তিনি দেখা করবেন না।
এ প্রসঙ্গে সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, আমি মনোনয়ন পাওয়ার পর থেকেই আমার সহযোদ্ধা ডা. শহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু কোনো সাড়া পায়নি। তাই আজ সকালে তার ঢাকার বাসায় গিয়েছিলাম, দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তিনি আমার সাথে দেখা করেননি।
এদিকে, বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনিতে বিক্ষোভ করছেন ডা. শহিদুল আলমের অনুসারীরা। মানববন্ধন, সমাবেশ ও রাস্তা অবরোধ করার কারণে প্রতিদিনই জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে বিএনপির প্রতি মানুষের আস্থা কমছে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন