
ডেস্ক রিপোর্ট: তুরস্কের আন্টালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে “Closing the Finance Gap for Resilient, Locally Led Food Systems” শীর্ষক একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগকে কীভাবে সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়নের মাধ্যমে সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় স্থানীয় জনগোষ্ঠী যেন শুধু প্রকল্পের সুবিধাভোগী না থেকে অভিযোজন পরিকল্পনা, অর্থায়নের অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পায়—তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, কেনিয়ার ওয়াজির কাউন্টির গভর্নর H.E. Ahmed Abdullahi Mohamed, Solidaridad Asia-এর Sumit Roy, International Institute for Environment and Development (IIED)-এর Dr Rojy Joshi, International Rice Research Institute (IRRI)-এর Jon Hellin এবং International Fund for Agricultural Development (IFAD)-এর বহুপাক্ষিক জলবায়ু ও পরিবেশ তহবিল-সংশ্লিষ্ট প্রতিনিধি Pierre-Yves Guedez অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Alliance of Bioversity International and CIAT-এর James Stapleton।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা তুলে ধরে লিডার্স জানায়, ঘন ঘন দুর্যোগ ও জলোচ্ছ্বাস, অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততার বিস্তার, জীবিকার সংকট, দারিদ্র্য এবং দুর্বল অবকাঠামোর কারণে উপকূলীয় জনগোষ্ঠী বহুমাত্রিক ঝুঁকির মুখে রয়েছে। এসব সংকট খাদ্যনিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বাস্তুচ্যুতি ও অভিবাসনের ঝুঁকিও বাড়াচ্ছে।
লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, এসব সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সমন্বিত অভিযোজন কার্যক্রম প্রয়োজন। এ লক্ষ্যে লিডার্স কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে গ্রাম থেকে উপজেলা পর্যায়ে Local Adaptation Plan of Action (LAPA) প্রণয়নে সহায়তা করছে, যা বাংলাদেশের National Adaptation Plan (NAP)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই উদ্যোগের আওতায় কৃষক সংগঠন গঠন, জলবায়ু মাঠ-বিদ্যালয়, জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ, লবণাক্ততা ও প্রতিকূলতা-সহনশীল ধান ও সবজির বীজ সরবরাহ, খাল-পুকুর খনন এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য গভীর নলকূপ স্থাপনের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পাশাপাশি মালচিং, অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ও ড্রিপ সেচের মতো পানিসাশ্রয়ী প্রযুক্তি, প্রদর্শনী খামার, কৃষিভিত্তিক ব্যবসা ও বাজারসংযোগ উন্নয়নে কাজ করা হচ্ছে। সুপেয় পানির সংকট কমানো, বিকল্প জীবিকা, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করাও এই সমন্বিত উদ্যোগের অংশ। লিডার্স-এর তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে এ ধরনের কার্যক্রমের আওতায় ৬০ হাজারের বেশি পরিবার যুক্ত হয়েছে; এর লক্ষ্য খাদ্য উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও মানুষের মর্যাদা বৃদ্ধি করা।
লিডার্স আলোচনায় তুলে ধরে যে, স্থানীয় সংগঠনগুলোর জন্য অনেক জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় আবেদন ও অর্থপ্রাপ্তির প্রক্রিয়া জটিল। সরাসরি অর্থায়নের সুযোগ সীমিত এবং স্থানীয় প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা, জনবল ও সমন্বয় জোরদারে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। ফলে মাঠপর্যায়ে চাহিদা বেশি থাকা সত্ত্বেও প্রকল্পের এলাকা, কার্যক্রম ও উপকারভোগীর সংখ্যা কমিয়ে আনতে হয়।
আরেকটি বড় সমস্যা হলো খণ্ডিত ও স্বল্পমেয়াদি অর্থায়ন। উপকূলীয় এলাকায় খাদ্য উৎপাদন, পানির নিরাপত্তা, জীবিকা, অবকাঠামো ও প্রতিবেশব্যবস্থার সুরক্ষা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু অনেক ক্ষেত্রে দাতা সংস্থা বা সরকারি বিভিন্ন বিভাগ আলাদা আলাদা খাতে সহায়তা দেয়। ফলে একই জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি সমন্বিতভাবে মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় সংগঠন ও কমিউনিটি গ্রুপগুলোকে সীমিত সম্পদ নিয়ে পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণের দায়িত্ব পালন করতে হয়। অথচ স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, সমন্বয় এবং দীর্ঘমেয়াদি কমিউনিটি মালিকানা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত।
জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিকে মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগে রূপ দিতে অনুষ্ঠানে কয়েকটি অগ্রাধিকার তুলে ধরেন মোহন কুমার মন্ডল।
এগুলো হলো- সক্ষম স্থানীয় সংগঠনগুলোর জন্য সরাসরি অর্থায়নসহ জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য, নমনীয়, পূর্বানুমানযোগ্য ও দীর্ঘমেয়াদি করতে হবে; একই সঙ্গে সমন্বয় ও কমিউনিটির মালিকানা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ রাখতে হবে।
বিচ্ছিন্ন বা এককালীন প্রকল্পের পরিবর্তে জলবায়ু ঝুঁকির আন্তঃসম্পর্ক বিবেচনায় সমন্বিত ও বহু-বছর মেয়াদি কর্মসূচিতে বিনিয়োগ করতে হবে।
স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত Local Adaptation Plan of Action (LAPA)-কে National Adaptation Plan (NAP)-এর সঙ্গে যুক্ত করতে হবে এবং স্থানীয় সরকার, সরকারি বিভাগ, নাগরিক সমাজ, কৃষক ও জনগোষ্ঠীর দায়িত্ব স্পষ্ট করতে হবে।
নবায়নযোগ্য জ্বালানি, পানির দক্ষ ব্যবহার, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা, পুনরুজ্জীবনমূলক কৃষি এবং ক্ষুদ্র কৃষকের ন্যায্য বাজারপ্রাপ্তিতে কৃষিভিত্তিক ব্যবসা ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে।
পরস্পর-পরিপূরক দক্ষতাসম্পন্ন স্থানীয় সংগঠনগুলোর কনসোর্টিয়াম গঠন ও যৌথভাবে কাজ করার সুযোগ বাড়াতে হবে, যাতে তারা খণ্ডিত ও স্বল্পমেয়াদি প্রকল্পের জন্য প্রতিযোগিতায় বাধ্য না হয়।
কমিউনিটির অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে কার্বন ক্রেডিটভিত্তিক উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত অর্থায়নের সম্ভাবনা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানের আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজনের নীতিমালার সঙ্গে জলবায়ু অর্থায়নের সামঞ্জস্য এবং জনগোষ্ঠী, স্থানীয় সংগঠন, সরকার, গবেষণা প্রতিষ্ঠান, অর্থায়নকারী ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

মন্তব্য করুন