
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার হাসানপুরে বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ওই অফিসের ঘর মালিক ও হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুর আলম পলাশের বাড়ির সামনেও বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। পরপর দুটি স্থানে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা মাহবুব মল্লিক জানান, হাসানপুরে তাঁর ব্যক্তিগত অফিসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার দিন রাতে অফিস বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে ঘর মালিক মঞ্জুর আলম পলাশের ফোন পেয়ে অফিসের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।
মাহবুব মল্লিকের ধারণা, ১৯ নভেম্বরকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুর আলম পলাশ জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি নিজের বাড়ির সামনে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখেন। পরে বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিসের সামনেও বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। বিষয়টি তাঁকে জানিয়ে পরে পুলিশকে অবহিত করা হয়।
হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বলেন, যে স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় নয়। এটি বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিস। সেখানে তিনি ব্যক্তিগতভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। এ ধরনের ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন