
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম মৌজায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উচ্ছেদ অভিযানকে সামনে রেখে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ৪শ পরিবার।
সোমবার জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে নিজেদের শেষ আশ্রয়স্থল রক্ষার আকুতি জানিয়েছেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কালিগঞ্জের ফুলতলা মোড় সংলগ্ন বাজারগ্রাম মৌজায় প্রায় ১১০ বছর ধরে বংশপরম্পরায় বসবাস করে আসছেন এলাকাবাসী। ১৯৬২ সালের এস.এ খতিয়ান মূলে তারা এই জমির মালিক। পরবর্তীতে ১৯৬৪-৬৫ সালে সওজ এই জমি অধিগ্রহণ করলেও কখনোই ক্ষতিপূরণ প্রদান করেনি বলে অভিযোগ বাসিন্দাদের।
বর্তমানে বি.আর.এস খতিয়ানে অনেকের নাম রেকর্ড হয়েছে এবং মালিকানা দাবি করে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে একটি দেওয়ানি মামলা (নং ৮৬/২২) চলমান রয়েছে।
এলাকাবাসীর পক্ষে ইদ্রীস আলী জানান, আমরা উন্নয়নের বিপক্ষে নই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমি নিয়ে আমাদের বসতভিটা উচ্ছেদ করা অমানবিক। বর্তমানে আমাদের সন্তানদের বার্ষিক পরীক্ষা চলছে এবং সামনে ডিসেম্বরে প্রাথমিকের পরীক্ষা শুরু হবে। এছাড়া পরিবারগুলোতে বৃদ্ধ বাবা-মা ও পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে। এই মুহূর্তে উচ্ছেদ করা হলে আমরা পরিবার নিয়ে রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তর মাইকিং করে উচ্ছেদের ঘোষণা দেওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্মারকলিপিতে এলাকাবাসী জেলা প্রশাসকের প্রতি সরজমিনে পরিদর্শন এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার দাবি জানান। তারা রাস্তার জন্য যতটুকু জমি একান্ত প্রয়োজন, কেবল ততটুকু ব্যবহারের অনুরোধ করেন।
এ বিষয়ে সদয় বিবেচনার জন্য মন্ত্রী পরিষদ সচিব, সওজ-এর প্রধান প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের কাছে অনুলিপি প্রদান করা হয়েছে।
এর আগে তারা জেলা কালেক্টরেট চত্বরে মানববন্ধন করেন।
মন্তব্য করুন