
শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেছেন, আগামী ১২ আপনাদের ভোটে নির্বাচিত হলে কতটা সম্মান দিতে পারবো তা হয়তো এখন বলা কঠিন, তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি-পূর্বের নির্বাচিত এমপিদের মতো কোনো চুরি, দুর্নীতি বা অন্যায়ের মাধ্যমে এই আসনের মানুষকে অসম্মানিত করবো না।
তিনি বলেন, কোনো অসহায় মানুষের ওপর শক্তিশালীদের নির্যাতন হতে দেব না। ভিন্ন মত ও ভিন্ন পথের মানুষদের হয়রানি করা হবে না। শ্যামনগরের মানুষ ন্যায়, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করবে-এটাই আমার অঙ্গীকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রমজাননগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সোলায়মান কবির, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহাজান রনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জনসভায় শ্যামনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণপদ মণ্ডল বলেন, গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক পরিবার হামলা, অগ্নিসংযোগ ও বাড়িঘর ছাড়ার শিকার হয়। সে সময় ড. মনিরুজ্জামান আমাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলেন এবং নিজে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করেন। এমনকি ঘরছাড়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আমরা এমন একজন নেতা চাই, যিনি আমাদের নিরাপত্তা দিতে পারবেন।
প্রধান বক্তার বক্তব্যে তাসকিন আহমেদ চিশতি বলেন, ড. মোঃ মনিরুজ্জামান একজন সৎ, নীতিবান ও উচ্চশিক্ষিত ব্যক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে চিনেছেন বলেই ধানের শীষের প্রার্থী হিসেবে শ্যামনগরের মানুষের কাছে পাঠিয়েছেন। তাকে নির্বাচিত করলে মানুষ ঠকবে না—বরং নিজেদের ন্যায্য অধিকার বুঝে পাবে।
তিনি আরও বলেন, আমার বাড়ি ও অফিস যেমন মানুষের জন্য সবসময় খোলা থাকে, ঠিক তেমনি ড. মনিরুজ্জামানের দরজাও আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। তার সঙ্গে দেখা করতে কোনো অনুমতির প্রয়োজন হবে না।
জনসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন