
ডেস্ক রিপোর্ট: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীভাবে জাতীয় সুন্দরবন দিবস ঘোষণা ও পালনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে সুন্দরবন দিবস উদযাপন কমিটি, সাতক্ষীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্বদেশ’র নির্বাহী পরিচালক এবং সাতক্ষীরা জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা- ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অ্যাড. মুহা. মনির উদ্দীন, অ্যাড. কাজী আব্দুল্লাহ আল্ হাবিব, ফাহিম হাসনাত ইমন, শরিফুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসাবে সুন্দরবন সুরক্ষায় সকল দেশি এবং বিদেশি অংশীদার কর্তৃক উদ্যোগ গ্রহণ, সমুদ্রস্ফীতির ফলে সৃষ্ট লবণাক্ততা হতে সুন্দরবনকে রক্ষা করতে এ অঞ্চলে কাঙ্ক্ষিত পলি গঠনে উজানে অপরিকল্পিত বাঁধ বন্ধে সরকারি এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ, সুন্দরবন এবং সংলগ্ন এলাকার পরিবেশ ধ্বংসকারী যে কোন উদ্যোগকে প্রতিহত করতে জনগণ ও সরকারকে পূর্বাভাস ও পরামর্শ প্রদান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে, বনটির ও বন্যপ্রাণী অভয়ারণ্যের অতি সন্নিকটে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য কলকারখানা স্থাপনের সিদ্ধান্ত বাতিলকরণ, বন সন্নিহিত এলাকার জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমানো, সুন্দরবনকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষকরে জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে অপচয় ও দুর্নীতিরোধে জনমত গঠন ও সকল অংশীজনের সমন্বয়ে কার্যকর চাহিদা সৃষ্টি, সুন্দরবনের সম্পদ আহরণকারী বনজীবী ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি নীতি কার্যকর এবং প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়ন, বন ব্যবহারকারীদের সুন্দরবন সংরক্ষণের পক্ষের শক্তি হিসেবে সংগঠিত ও সচেতন করার কাজে নিয়োজিত সকল মহলকে সহায়তা, সুন্দরবনকে আন্তর্জাতিক ট্যুরিজম স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সহায়তা ও উৎসাহ প্রদান, সুন্দরবনের অবক্ষয়রোধকল্পে বনবিদ, শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, সামাজিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সুন্দরবন উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ ও সহযোগিতা বৃদ্ধি, পরিবেশ ও বন সংক্রান্ত নতুন আইনসমূহ পর্যালোচনা, সুপারিশ প্রণয়ন ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ১৪ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণা ও পালন করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন