
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি। প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুস সোবহান মুকুল, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, মাও. নুরুল আবসার মুর্তাজা, আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাও. জুবায়েরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ইসলামের ৫টি স্তম্ভ বা খুঁটি রয়েছে; কালেমায়ে শাহাদাৎ, নামাজ কায়েম, যাকাত আদায়, রমজানে রোজা রাখা ও হজ্ব সম্পাদন করা। শুধু খুঁটি বা স্তম্ভে হবে না, ছাদ, বেড়া, দরজা, জানালা লাগবে। আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে। তিনি বিভিন্ন হাদীছ ও কোরআনের উদ্ধৃতি সহকারে বলেন, নামাজ রোজা দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। যাকাতের গুরুত্ব অত্যাধিক। যে যাকাত আদায় করে না, তার নামাজ-রোজা কবুল হয় না। যে যাকাত স্বীকার করে কিন্তু আদায় করে না সে ফাসেক। যারা সম্পদ সঞ্চয় করে তারা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদের উপর কঠিন শাস্তি রয়েছে। সম্পদের হিসাব করে যাকাত আদায় না করলে সম্পদ বিষধর সাপ হয়ে দংশন করবে। উৎপাদিত ফসলের ওশর আদায় করতে হবে। যাকাত রাষ্ট্রের কাছে দিতে হয়, আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না হওয়ায় ব্যক্তিগতভাবে আদায় করতে হয়। তিনি পবিত্র রমজান মাসে মোত্তাকী হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখতে সকলের প্রতি আহবান জানান।


মন্তব্য করুন