
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ প্রমুখ।
সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল ৭টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মহৎপুর সরকারি গোরস্থানে শহীদদের কবর জিয়ারত, সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, স্কাউট ও গার্লস গাইড, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ।
পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিকালে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, উপজেলা লেডিস ক্লাবের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

মন্তব্য করুন