শ্যামনগর প্রতিনিধি: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার (২৯ মার্চ)। প্রায় ৪০ দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৬ মার্চ)। তবে এরপরের দুই দিন- শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণী কার্যক্রম শুরু হবে রোববার (২৯ মার্চ) থেকে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সরজমিনে শ্যামনগর পৌরসভার ৭৫নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। শনিবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সংশ্লিষ্টরা মিলে শ্রেণীকক্ষ, অফিস কক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটির কারণে শ্রেণীকক্ষগুলোতে ধুলাবালি জমে ছিল। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আগাম এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭৫নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর ফারুক জানান, স্কুল খোলার প্রথম দিন থেকেই যেন শিক্ষার্থীরা স্বস্তিতে ক্লাস করতে পারে, সেজন্য আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।
অভিভাবকরাও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিয়মিত পাঠদান শুরু হলে শিক্ষার্থীদের পড়াশোনায় গতি ফিরে আসবে।
মন্তব্য করুন