শ্যামনগর প্রতিনিধি: ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে নান্টু (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার আতাদি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী আশরাফুজ্জামান ওরফে নান্টু সাতক্ষীরার শ্যামনগরের ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা লাইন নামে একটি বাসে সাতক্ষীরায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুজ্জামান ওরফে নান্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা দিয়ে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন