
কয়রা (খুলনা) প্রতিনিধি : উপকূলবর্তী খুলনার কয়রায় দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারী ও শিশুসহ সকলের জন্য পর্যাপ্ত সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার (১০ মে) বেলা ১১টায় উপজেলার কাটকাটার শাকবাড়িয়া নদীর চরে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর সহযোগিতায় ও স্থানীয় স্বেচ্ছ্বাসেবী সংগঠনের বাস্তবায়নে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা।
আরও বলেন, অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। পুকুরগুলো শুখিয়ে চৌচির। কোথাও পানি পাওয়া গেলেও তা লবণাক্ত হওয়ায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারীদের সময় ও শ্রম ব্যয় বাড়ছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণ, গভীর নলকূপ, পুকুর খনন ও সংরক্ষণের মাধ্যমে টেঁকসই পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
উত্তরে বেদকাশি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সাংবাদিক ফরহাদ হোসেন, জেজেএসের এস এমএ মজিদ, মাহিমা আক্তার, ক্লাব প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, মনিরুজ্জামান, মাহিন, জলবায়ু কর্মী জাকি মুজাহিদ, সঞ্জয় মন্ডল, নাসরিন আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ হলরুমে আমরাই গড়বো নিরপদ উপকূল এই প্রতিপাদ্যে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মন্তব্য করুন