কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের বিভিন্ন খালে নিষিদ্ধ আটন পেতে অবৈধভাবে কাঁকড়া শিকারের ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ২টি নৌকা, ১শ পিস অবৈধ আটনসহ খণ্ডিত গুইসাপ উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৬ মে সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের গেওয়াখালী বন টহল ফাঁড়ির আওতাধীন ডাকাতির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন, আল হেলাল সানা, আঃ হালিম সানা, ইছানুর আকুঞ্জী ও সাকিক হুসাইন। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ও গেওয়াখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ-কাঁকড়া শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ আটন ব্যবহার করে কাঁকড়া ধরলে বনজ সম্পদের ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
মন্তব্য করুন