ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ইসলামী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্যাংকের গ্রাহক, আমানতকারী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা আব্দুল বারী।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, আবু তালেব প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক বিভিন্ন বিতর্ক ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে তার মূল আদর্শ, সুশাসন ও স্বচ্ছতার ধারায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের তদন্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি উত্থাপন করা হয়।
বক্তারা বলেন, ব্যাংক খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করতে হলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং গ্রাহকবান্ধব সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই।
মন্তব্য করুন