
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ ডাকবাংলা মোড় থেকে উত্তর কালিগঞ্জগামী কাকশিয়ালী নদীর খেয়াঘাটটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রতিদিন এ ঘাট দিয়ে নদী পারাপার হতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কাকশিয়ালী নদীতে কোনো সেতু না থাকায় এক প্রান্তে ফেরি এবং অন্য প্রান্তে খেয়ানৌকার মাধ্যমে মানুষ পারাপার হতেন। পরে নদীর পূর্ব প্রান্তে হযরত খান বাহাদুর (রহ.) সেতু নির্মিত হলেও পশ্চিম প্রান্তের ডাকবাংলা মোড়সংলগ্ন ঐতিহ্যবাহী খেয়াঘাটটির গুরুত্ব একটুও কমেনি। কিন্তু খেয়াঘাটের বেহাল দশার কারণে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যান তথা ডাকবাংলা মোড়সংলগ্ন দক্ষিণ প্রান্তে একটি পাকা ঘাট নির্মাণ করা হলেও অপর প্রান্তে উত্তর কালিগঞ্জ বাজারের ঘাটটি এখনো অবহেলিত। সেখানে নামমাত্র কিছু ভাঙা ইট বিছিয়ে রাখা হয়েছে। ভাটার সময় নদীর পানি নেমে গেলে খেয়ানৌকা থেকে তীরে ওঠার কোনো সুব্যবস্থা নেই। কাদা ও পানির মধ্য দিয়ে যাত্রীদের ওঠানামা করতে হয়। এতে প্রতিনিয়ত নারী-পুরুষ পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
জোয়ারের সময় কিছুটা স্বস্তিতে পারাপার সম্ভব হলেও ভাটার সময় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এই খেয়াঘাট দিয়ে উত্তর কালিগঞ্জ বাজার, নাজিমগঞ্জ বাজার ও কালিগঞ্জ ডাকবাংলা মোড়ের মানুষ নদী পারাপার হয়ে থাকেন। উত্তর কালিগঞ্জ বাজার, কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ক্ষেত্রে এ ঘাটের ওপর নির্ভর করেন অনেকে। সেতু ঘুরে এসব স্থানে যেতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়।
অন্যদিকে কালিগঞ্জ উপজেলা পরিষদ, থানা, পোস্ট অফিস ও নাজিমগঞ্জ বাজারে যাতায়াতের ক্ষেত্রেও খেয়ানৌকা গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিজন যাত্রীকে খেয়ানৌকার ভাড়া ৫ টাকা এবং সরকারি রাজস্ব বাবদ ৩ টাকা দিতে হয়। অর্থাৎ নদী পারাপারে জনপ্রতি মোট ৮ টাকা ব্যয় করতে হচ্ছে। ঘাটটি থেকে সরকার রাজস্ব আদায় করলেও অবকাঠামোগত উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয় না।
এদিকে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ খেয়াঘাট সংস্কার করা হলেও নদীর চর দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ঘাটটির স্বাভাবিক কার্যক্রম ও অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে স্থানীয়দের দাবি। ধীরে ধীরে ঘাটটি সংকুচিত হয়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে দ্রুত উত্তর কালিগঞ্জ বাজার প্রান্তে একটি পরিকল্পিত পাকা খেয়াঘাট নির্মাণ, উভয় প্রান্তে নিরাপদ ওঠানামার ব্যবস্থা, যাত্রীদের চলাচলের উপযোগী সিঁড়ি ও ঢালু পথ নির্মাণ এবং ঘাটটির সার্বিক সংস্কার করা হোক।

মন্তব্য করুন