
উপকূলীয় প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় কৃষক, নারী উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় পরিবেশবান্ধব কৃষিচর্চা, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার হ্রাস, ভার্মিকম্পোস্ট ও জৈব বালাইনাশক তৈরি এবং দেশীয় বীজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, জলাবদ্ধতা ও অনিয়মিত বৃষ্টিপাতের মতো জলবায়ুগত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বকে কাজে লাগিয়ে অভিযোজন কৌশল নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনায় নিজেদের এলাকার কৃষি ও পরিবেশগত সমস্যা, সম্ভাবনা এবং অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা বলেন, বাইরের থেকে চাপিয়ে দেওয়া সমাধানের পরিবর্তে স্থানীয় কৃষক, নারী ও যুবকদের সক্রিয় অংশগ্রহণে গড়ে ওঠা উদ্যোগগুলো অধিক টেকসই ও কার্যকর।
এ ছাড়া উৎপাদন খরচ কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারের বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডল, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী, মুন্সিগঞ্জ ইউনিয়নের এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক সরমা রানী মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড়, বারসিক কর্মকর্তা মনিকা পাইক, মারুফ হোসেন মিলন, জুবায়ের আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, কমিউনিটি বীজ ব্যাংক সমৃদ্ধকরণ এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন