বিনোদন ডেস্ক: প্রায়ই সিনেমার শুটিংয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীদের। বিষয়টি নিয়ে নির্মাতা-অভিনেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগও তোলেন অনেকে।
এবার সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপাট।
এই অভিনেত্রী জানান, একটি সিনেমার শুটিংয়ে সহ-অভিনেতার আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া জানান, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি সিনেমা চুম্বনের দৃশ্য ছিল, যা নিয়ে শুরু থেকেই তার আপত্তি ও প্রশ্ন ছিল। বারবার পরিচালকের কাছে তিনি জানতে চেয়েছেন, গল্পের প্রয়োজনেই কি দৃশ্যটি রাখা হয়েছে, নাকি অযথাই যুক্ত করা হয়েছে।
প্রিয়ার ভাষায়, আমি বারবার জানতে চেয়েছিলাম, এখানে এই দৃশ্যের প্রয়োজন কী? বিষয়টি আমি চুম্বন দৃশ্যে অভিনয় করব কি না, তা নয়। বরং গল্পের সঙ্গে এটি কতটা মানানসই, সেটাই জানতে চেয়েছিলাম।
তবে শেষ পর্যন্ত পেশাদারিত্বের জায়গা থেকে তিনি দৃশ্যটি করতে রাজি হন। কিন্তু শুটিং চলাকালে পরিস্থিতি তার প্রত্যাশার বাইরে চলে যায়। অভিনেত্রীর অভিযোগ, দৃশ্যের মহড়া ও পরিকল্পনার বাইরে গিয়ে তার সহ-অভিনেতা বারবার তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।
প্রিয়া বলেন, গানের দৃশ্যের মধ্যে অভিনেতা বারবার নিজে থেকে নতুন কিছু যোগ করছিলেন। তিনি আমাকে বারবার চুমু চেষ্টা করছিলেন। তখন আমি নিজের পক্ষে দাঁড়াতে পারিনি। কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, সেটাই বুঝতে পারছিলাম না।
শুধু শুটিং সেটেই নয়, শুটিংয়ের বাইরেও ওই অভিনেতা তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতে থাকেন বলে জানান প্রিয়া। একাধিকবার না বলার পরও তিনি চেষ্টা চালিয়ে যান। শুটিং সেটে আপত্তিকর অবস্থার কথা জানালেও তিনি ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি।
মারাঠি, হিন্দি সিনেমাসহ ওটিটি দুনিয়ায় বেশ পরিচিত মুখ প্রিয়া বাপাট। ‘কাকস্পর্শ’, ‘সিটি অব ড্রিম’ ‘হ্যাপি জার্নি’ এবং ‘রাত জাওয়ান হ্যায়’-এর মত সিনেমা কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মন্তব্য করুন