ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের পলাশপোলে পৈত্রিক দোকানঘর অবৈধভাবে দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দক্ষিণ পলাশপোল গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে কামরুল ইসলাম বকুল এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা পৌরএলাকার পলাশপোল মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত দেড়শতক শতক জমিতে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। ২০২৫ সাল থেকে উক্ত দেড় শতক জমিতে নির্মিত দোকান দক্ষিণ পলাশপোল এলাকার সহিদুল ইসলামের ছেলে মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলাম এবং কামলানগর এলাকার বাকী বিল্লাহ দখল করার পায়তারা শুরু করে।
এক পর্যায়ে গত ০১ জুন সকাল সাড়ে ৯টার দিকে মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলামগং অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দোকানের মধ্যে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে আমাকে মারধর করা হয় এবং হুমকি দিয়ে বলে ‘আমরা দোকান দখল নিয়ে নেব, দেখি তোদের কোন বাপ রক্ষা করে’। এসময় তারা নগদ টাকা হাতিয়ে নেওয়াসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
তিনি আরো বলেন, আমি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দোকান ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছি অথচ দখলবাজ, ভূমিদস্যুরা জোরপূর্বক দোকান ঘর দখল করার জন্য এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি দখলবাজ বাহিনীর হাত থেকে পৈত্রিক দোকানঘর রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন