
পূজার আমেজ কাটতেই না কাটতেই নীরবতা ভেঙে সচল হতে শুরু করেছে গণবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার দীর্ঘ সাত দিনের ছুটি শেষে প্রিয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বাদামতলা দিয়ে লাল ইটের হাঁটাপথ, ট্রান্সপোর্ট চত্বরে কিংবা ক্যান্টিনে সবখানেই ফের মুখরিত বন্ধুবান্ধব বা সহপাঠীদের কোলাহলে। ছুটির একাকীত্ব কাটিয়ে ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তার নতুন সজীবতা।
রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে বাস, কার, বাইক, সিএনজি কিংবা কাঁধে ব্যাগ নিয়ে ঢুকতে দেখা যায় শিক্ষার্থীদের। শান্ত-নিঝুম ক্যাম্পাসটি যেন সবাইকে ফিরে পাওয়ার সাথে সাথেই তার জীবন ফিরে পেয়েছে। বন্ধের দিনগুলোতে করিডোর বা ডিপার্টমেন্টগুলোতে ছিল নীরবতা , তা এখন আড্ডা, হাসি আর কুশলবিনিময়ে মুখরিত। সহপাঠীকে এতদিন পর দেখে জড়িয়ে ধরা, ছুটির মিষ্টি আর পূজার নাড়ু ভাগ করে খাওয়ার দৃশ্য চোখে পড়ছে ক্লাসরুম গুলতে, ক্যান্টিনে জমছে শিক্ষার্থীদের ভিড়। দীর্ঘ ছুটি শেষে ফেরার আনন্দ যেমন আছে, তেমনই আছে সামনে নেমে আসা ক্লাস, অ্যাসাইনমেন্ট ও মিড টার্ম পরীক্ষার চাপ। তবে বন্ধুদের সাথে আড্ডার এই আনন্দ যেন সব ক্লান্তি আর উদ্বেগ ভুলিয়ে দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিব্য জ্যোতি বলেন, বাড়িতে পরিবারের সাথে পূজা কাটিয়ে খুব ভালো সময় কেটেছে। তবে বন্ধুদের এবং ক্যাম্পাসকেও অনেক মিস করছিলাম। আজ আবার এই কোলাহল আর আড্ডায় ফিরতে পেরে খুব আনন্দ হচ্ছে, যেন চেনা ঘরেই ফিরে এলাম।
ডিপার্টমেন্টগুলোতে শুরু হয়েছে প্রথম ঘণ্টার ক্লাস। পরীক্ষার সামনে থাকায় কেন্দ্রীয় লাইব্রেরিতে চলছে পড়াশোনা। পূর্বের মতো ট্রান্সপোর্ট চত্বর, বাদামতলায়, আর মাচাতে চলছে আড্ডা- সবখানেই এখন ছুটির গল্প আর নতুন উদ্দ্যমে পথচলার প্রস্তুতি। পূজার আমেজ পেছনে ফেলে বই-খাতা আর প্রিয় ক্যাম্পাসের কোলাহলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ।
লেখক: শেখ মাহির ফয়সাল নাঈম শিক্ষার্থী, আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন