
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ছাত্রীরা হলো, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল হালিম গাজীর মেয়ে আয়েশা পারভীন (আশামনি) (১৬), মো. মুত্তাসিনের মেয়ে মোছা. দিঘি ইসলাম (১৬), মো. আজমলের মেয়ে মোছা. আজমিরা এবং মো. অহিদুল ইসলামের মেয়ে মোছা. ছামিয়া। তারা সবাই স্থানীয় নওয়াবেঁকী ছবিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তারা চারজন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুল ছুটির পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাতে নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরপরই পুলিশ বিষয়টি তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করে রাত ২টা ৪০ মিনিটে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. ছনিয়ার বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীরা সকালে বের হয়ে খুলনায় চলে যায়। খুলনার জিরো পয়েন্টে নেমে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা অবস্থায় সেখানকার ট্রাফিক পুলিশ তাদের ডেকে পরিচয় জানতে চাই। এক পর্যায়ে তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তখন পুলিশ তাদের মাইক্রোবাসে তুলে সাতক্ষীরায় পাঠিয়ে দেয়। তারা সাতক্ষীরায় ফিরে নওয়াবেকী পৌঁছে পদ্মপুকুরের এক বান্ধবীর বাসায় ওঠে। ওই বান্ধবীর সাথে যোগাযোগের সময় মোবাইল ব্যবহার করায় অবস্থান শনাক্ত এবং তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন