
ডেস্ক রিপোর্ট: আজ ১৯ জুন, আধুনিক সাতক্ষীরার রূপকার ও দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’।
১৯৯৬ সালের ১৯ জুন কালরাতে ঘাতকের তপ্ত বুলেট স্তব্ধ করে দেয় তার জীবন।
ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার মধ্যদিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করে তিনি আধুনিক সাতক্ষীরার রূপকার হিসেবে বিবেচিত হন।
বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন একাধারে প্রতিষ্ঠা করেছেন আলাউদ্দীন ফুডস্ এন্ড কেমিক্যাল, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।
১৯৪৫ সালের ২৯ আগস্ট সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স. ম আলাউদ্দীন। বাবা সৈয়দ আলী সরদার ও মা সখিনা খাতুনের চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
ছাত্রাবস্থাতেই ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে তাঁর হাতেখড়ি। এরপর ১৯৬৬-এর ছয় দফা, ‘৬৮-এর গণআন্দোলনে রাজপথ কাঁপিয়ে ১৯৬৭ সালে তিনি যোগ দেন ছাত্রলীগে। মেধার স্বাক্ষর রেখে খুলনার বিএল কলেজ থেকে বিএ এবং পরবর্তীতে ১৯৭৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। এর মাঝেই ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে তৎকালীন পাকিস্তানের সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হয়ে চমক লাগিয়ে দেন এই তরুণ নেতা।
১৯৭১ সালে যখন দেশমাতৃকার ডাক এলো, তখন অনেক জনপ্রতিনিধি নিরাপদ আশ্রয়ে থেকে নেতৃত্ব দিলেও স. ম আলাউদ্দীন সরাসরি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। ৯নং সেক্টরের অধীনে অস্ত্র সংগ্রহ ও বীরত্বপূর্ণ সশস্ত্র যুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। সেক্টর কমান্ডার মেজর (অব.) এম এ জলিল তাঁর ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ গ্রন্থে আলাউদ্দীনের অসীম সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তৎকালীন পাকিস্তানি সামরিক আদালত তাঁর অনুপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিলেও দেশের স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
স্বাধীনতার পর কিছুকাল জাসদ এবং ১৯৮০ সাল থেকে আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এই মানুষটি ছিলেন আধুনিক সাতক্ষীরার অর্থনৈতিক ও সামাজিক স্থপতি। জেলাটিকে স্বাবলম্বী করতে তাঁর অবদান ছিল বহুমুখী।
সাতক্ষীরার অর্থনৈতিক চালিকাশক্তি ‘ভোমরা স্থলবন্দর’ প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তিনি। যুবসমাজের কর্মসংস্থানে গড়ে তোলেন ‘আলাউদ্দীন ফুডস্ অ্যান্ড কেমিক্যাল’। তিনি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। ১৯৯৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল অ্যান্ড কলেজ’। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি অষ্টম শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করেন, যেন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারে।
চিকিৎসা সেবার প্রসারে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের তত্ত্বাবধানে নিজের জমি দান করে গড়ে তোলেন ‘নগরঘাটা শিশু হাসপাতাল’। এছাড়া পরিকল্পিত চিংড়ি চাষ ও বেতনা নদী খননের আন্দোলনেও তিনি ছিলেন পুরোধা।
গণমানুষের অবরুদ্ধ কণ্ঠস্বরকে ফুটিয়ে তুলতে ১৯৯৫ সালের ২৩ জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক ‘পত্রদূত’ পত্রিকা। সম্পাদক হিসেবে অন্যায়, দুর্নীতি ও শোষকদের বিরুদ্ধে তাঁর ধারালো কলম রাজপথের চেয়েও ধারালো হয়ে উঠেছিল। কিন্তু এই আপসহীন সাংবাদিকতাই তাঁর জীবনে কাল ডেকে আনে।
১৯৯৬ সালের ১৯ জুন, রাত ১০টা ২৩ মিনিটে দৈনিক পত্রদূত কার্যালয়ে কাজ করছিলেন সম্পাদক স. ম আলাউদ্দীন। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ধেয়ে আসে ঘাতকের নির্মম বুলেট। নিজের প্রিয় পত্রিকা অফিসের মেঝেতেই রক্তে রঞ্জিত হয়ে লুটিয়ে পড়েন তিনি। রাত ১০টা ৩০ মিনিটে নেভে সাতক্ষীরার উন্নয়নের সেই জীবনপ্রদীপ।
স. ম আলাউদ্দীন আজ নেই, কিন্তু সাতক্ষীরার প্রতিটি অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান আর ভোমরা স্থলবন্দরের ব্যস্ততায় জড়িয়ে আছে তাঁর স্মৃতি। মেঠোপথের সেই চেনা মানুষটি আজ ঘুমিয়ে আছেন কবরের নীরবতায়, আর সাতক্ষীরার মানুষ আজও বুকভরা বেদনা নিয়ে স্মরণ করে তাদের এই চিরঞ্জীব রূপকারকে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে তার কবর জিয়ারত, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
মন্তব্য করুন