
ডেস্ক রিপোর্ট: অনাহারে-অর্ধাহারে দিন কাটানো শতবর্ষী আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। বুধবার সকালে তার বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সম্প্রতি ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামের শতবর্ষী আছিয়া বেগমের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হলে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের দৃষ্টি আকর্ষিত হয়।
তিনি তাৎক্ষণিক সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলামকে ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা পৌঁছে দেন
মাইটিভির ক্যামেরাম্যান একরামুজ্জামান জনি এবং বাংলাভিশনের ক্যামেরাম্যান রাকিব।
প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার একটি নির্জন এলাকায় বসবাস করেন শতবর্ষী আছিয়া বেগম। প্রায় ২০ বছর আগে তার স্বামী ময়েজউদ্দিন ঢালী মারা যান। দুই ছেলে নিজেদের অভাব-অনটন ও অসুস্থতার কারণে বৃদ্ধ মায়ের দায়িত্ব নিতে পারেননি। অপরদিকে দুই মেয়েও স্বামীর সংসারে কষ্টে দিনযাপন করছেন।
বর্তমানে বয়স্ক ভাতার টাকাই তার বেঁচে থাকার একমাত্র সম্বল।
গত ২০ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ভাঙাচোরা টিনের কুঁড়েঘরে অত্যন্ত মানবেতর অবস্থায় বসবাস করছেন তিনি। মরিচাধরা টিনের চাল দিয়ে সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে। জীর্ণশীর্ণ সেই ঘরে ন্যূনতম জীবনযাপনের সুযোগ-সুবিধাও নেই।
সদর উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় খুশি আছিয়া বেগম।
স্থানীয়রা জানান, আছিয়ার জন্য স্থায়ীভাবে বসবাসের উপযোগী একটি ঘর ও নিয়মিত সহায়তার ব্যবস্থা করা হলে তার জীবনের শেষ সময়টুকু হয়তো স্বস্তিতে কাটবে।
মন্তব্য করুন