
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান।
বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম ও প্রধান সহকারী দেবব্রত মন্ডল।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য বিভাগের চলমান একটি কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আগামী, ২৮ জুন উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ওই দিন সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ২৪১ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কোন শিশু যাতে বাদ না যায় এজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন