
ডেস্ক রিপোর্ট: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রােববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সেখানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী-অভিভাবকরা।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। দুপুর ১২টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফল দেখতে পারবে।
গত বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ের আগেই একজন কর্মকর্তা ফলের কিছু অংশ ওয়েবসাইটে আপলোড করে দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
অনুমোদন ছাড়াই ফল প্রকাশ করায় ওই কর্মকর্তাকে গত শুক্রবার বরখাস্ত করা হয়।
মন্তব্য করুন