
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বৃষ্টির পানিতে জলমগ্ন এলাকা ও ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
শনিবার (১২ জুলাই) সকালে তিনি জলমগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন ও ভুক্তভোগী মানুষের সাথে কথা বলেন। পরে তিনি মসজিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দেন।
জানা গেছে, গত ৪ দিনের টানা বৃষ্টিতে ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিগত কয়েক বছর পানি নিষ্কাশন হয় না। ফলে এলাকার ঘরবাড়ি, মাঠ-গাট, জমির ফসল জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জলমগ্ন এলাকা ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে জলাবদ্ধতার দৃশ্য অবলোকন করেন। মানুষের ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। মানিকখালী-বড়দল সড়কে অবস্থিত কার্লভাটগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শনকালে ইউএনও মসজিদ কমিটির সভাপতি মোজাম সরদার, সেক্রেটারি লাল মাহমুদ গাজী, সাংবাদিক শরিফুল ইসলাম, বিএম আলাউদ্দীন প্রমুখের সাথে কথা বলেন এবং মসজিদের উন্নয়নে সহায়তা দানের আশ্বাস দেন।
মন্তব্য করুন