

বিলাল হোসেন: শ্যামনগর উপকূলে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষতির শংকা দেখা দিয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্র জানায়, গত তিন দিনে জেলায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির ফলে পানি জমে গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। নাজুক হয়ে পড়েছে মাটি দিয়ে তৈরি ঘরবাড়ি। জরাজীর্ণ হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। পানির নিচে ডুবে আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাঠ। ভেসে যাওয়ার উপক্রম হয়েছে অন্তত ৫০ শতাংশ মাছের ঘের। এর পাশাপাশি আমন ধানের বীজতলাসহ অন্যান্য সবজি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় বিশ্বজিৎ মন্ডলসহ একাধিক কৃষক বলেন, সবচেয়ে বড় বিপদের কারণ হয়েছে মাছের ঘেরগুলো। জল বেশি হলে গলদা চিংড়ি আটকে রাখা যায় না। কোনো না কোনোভাবে পায়ে হেঁটে বের হয়ে যায়। আমাদের গ্রামের প্রায় শতভাগ ঘের এখন বিপদের মুখে আছে। অনেকগুলো এরমধ্যে ভেসে গেছে।
এই কৃষক জানান, তাদের পরিবারের ১৯ বিঘা জমিতে সাধারণত আড়াই থেকে ৩০০ মণ ধান হয় প্রতিবছর। কিন্তু এমন বিপর্যয়ের কারণে গত বছর তারা মাত্র ৩৯ মণ ধান পেয়েছিলেন।
বিলের পানি নিষ্কাশনের উদ্যোগ না নেওয়া হলে আবারও এমন বিপদের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এলাকার স্লুইস গেটটি দিয়ে দীর্ঘদিন যাবৎ ঠিকমতো জল ওঠানামা করতে পারছে না। তাছাড়া এই এলাকার আশেপাশের অন্তত ২০টি গ্রামের আমন চাষের জমি থেকে জল ঠিকমতো সরতে পারছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৬৫০ হেক্টর আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১৩০ হেক্টর সবজি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান জানান, টানা বৃষ্টিতে মৎস্য ঘেরগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গাবুরা, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ি, কৈখালী, রমজাননগরসহ বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের ও পুকুরগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ১৪টি পয়েন্টে জরাজীর্ণ অবস্থা দেখা দিয়েছে। বৃষ্টি থেমে গেলে ওই সব জরাজীর্ণ স্থানে আমরা কাজ শুরু করব।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর আলম জানান, উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০টি বিদ্যালয়ের খেলার মাঠ পানির নিচে তলিয়ে আছে। মসজিদ-মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেরও একই অবস্থা।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার শামসুজ্জামান কনক জানান, জলাবদ্ধতার ক্ষতি রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন