
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়ে দিনমজুর বাবা শরিফুজ্জামান মিলনের জীবনযুদ্ধ যেন থামে না। সন্তানদের চিকিৎসা ও মাথা গোঁজার নিরাপদ ঠাই না থাকায় মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
জন্ম থেকেই তার দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তারা নিজে চলাফেরা করতে পারে না। পরিবারের সদস্যদের সারাক্ষণ কোলে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এভাবেই চলছে তাদের জীবন।
অভাবের সংসারে নিয়মিত চিকিৎসাও করাতে পারেন না শরিফুজ্জামান মিলন। হুইলচেয়ার না থাকায় ঘরের বাইরেও যেতে পারে না তারা। বর্ষাকালে ভাঙাচোরা ঘরে বৃষ্টির পানি পড়ে, আর ঝড়-দুর্যোগে নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে দিন কাটে তাদের।
শরিফুজ্জামান মিলন বলেন, দিনমজুরি করে যা আয় করি, তা দিয়ে সংসারই ঠিকমতো চলে না। ছেলেদের চিকিৎসা করানো বা হুইলচেয়ার কেনা আমার পক্ষে সম্ভব নয়। একটি বসবাসযোগ্য ঘর ও দুটি হুইলচেয়ার পেলে সন্তানদের নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারতাম।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্তব্য করুন