
ডেস্ক রিপোর্ট: দল থেকে বহিষ্কৃত গাজী মো. নজরুল ইসলামকে সংসদ সদস্য (এমপি) পদ ছাড়তে বলেছে জামায়াত। তিনি নিজ থেকে পদত্যাগ না করলে এমপি পদ বাতিলে সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেবে দলটি।
আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তার ভাষায়, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবই নেওয়া হবে।
জামায়াতের একটি সূত্র জানিয়েছে, গাজী নজরুলকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে তিনি এ নির্দেশনার বিষয়ে কিছুই জানাননি দলকে। আবার পদত্যাগ করবেন না, এমন কিছুও বলেননি।
এর আগে গত সোমবার রাতে গাজী নজরুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান।
যদিও বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয়, বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্ক সমালোচনা আরও বাড়ে।
এদিকে ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করে জামায়াত। তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলনের প্রমাণ পায় কমিটি। পরে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দলের নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন