
জি. এম. মিন্টু, যশোর: যশোরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি যাকাতের অর্থের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ৯ জন উদ্যোক্তাকে সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এর মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দারিদ্র্য ও বৈষম্য কমানো সম্ভব। তবে যাকাতের অর্থ শুধু বিতরণ করলেই হবে না এর মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবান মানুষের উচিত যথাযথভাবে যাকাত প্রদান করা এবং প্রকৃত হকদারদের কাছে তা পৌঁছে দেওয়া। সরকারি ব্যবস্থাপনায় যাচাই-বাছাই করে যাকাতের অর্থ বিতরণের ফলে এর সুফল প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ, যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন বলেন, যাকাতের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার একটি সুন্দর ও কার্যকর মাধ্যম। এ অর্থ যদি দরিদ্র মানুষের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার কাজে ব্যবহার করা যায়, তাহলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সরকারি সহায়তা প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রশাসনের অন্যতম দায়িত্ব। যাকাতের অর্থ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
স্বাগত বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক মোঃ আবুল কাশেম বলেন, সরকারি যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। যাকাতের অর্থকে মানুষের কল্যাণ ও আত্মনির্ভরশীলতার কাজে ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ৩৮ জন এবং জেলা পর্যায়ে অনুমোদিত ১৭১ জনসহ মোট ২০৯ জন যাকাতগ্রহীতার মধ্যে ১০ লাখ ৫১ হাজার ৪৬৮ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত যাকাত গ্রহীতাদের জন্য ৩ লাখ ২১ হাজার টাকা এবং জেলা পর্যায়ের যাকাতগ্রহীতাদের জন্য ৭ লাখ ৩০ হাজার ৪৬৮ টাকা বরাদ্দ দেওয়া হয়।
এছাড়া ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ কর্মসূচির আওতায় ৯ জন উদ্যোক্তাকে মোট ২ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে ৩ জন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা করে, ৩ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে এবং ৩ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শওকত হোসেন। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মইন উদ্দিন।
মন্তব্য করুন