
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ দিয়েছে সৌদি আরব। বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত এই জোটের নেতৃত্বে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে দায়িত্ব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বহুজাতিক এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জোট গঠনের এক সপ্তাহ পর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে এ জোটের কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, আল-শেহরি যৌথ নৌ-প্রতিরক্ষা কার্যক্রম তদারকি করবেন, সদস্য দেশ ও অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয় করবেন এবং জোটের সনদ অনুযায়ী বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
গত ৩০ জুলাই বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ জোটে যোগ দেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে। এর মধ্যে কেউ কেউ ইতোমধ্যে যৌথ ঘোষণাপত্রে সই করেছে, আবার কেউ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেয়ার আগে ঘোষণাপত্র ও সনদে সইয়ের প্রস্তুতি নিচ্ছে।
সৌদি এই মন্ত্রণালয় জোটটিকে ‘উন্মুক্ত আন্তর্জাতিক জোট’ হিসেবে উল্লেখ করে বলেছে, যেসব দেশ এর লক্ষ্য ও নীতিমালার সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। নতুন সদস্যপদের আবেদনও নিয়মিত পাওয়া যাচ্ছে।
আল জাজিরা বলছে, আগামী ১২ ও ১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে এবং আরও দেশকে এতে যুক্ত করার পথ তৈরি করা হবে।
জোট গঠনকারী ১৪ দেশ জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখাই এই জোটের মূল লক্ষ্য। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই সামুদ্রিক করিডর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন