
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনটি পৃথক বিষয়ে আয়োজিত এবারের পাঠ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির মোট ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে নলতায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল ‘কাজী নজরুল ইসলামের জীবনী’ বিষয়ক রচনা। এ বিভাগে ৩৭ জন শিক্ষার্থী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয়।
অন্যদিকে, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত হয় দুটি বিভাগের পরীক্ষা। ৮ম থেকে ১০ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.)-এর শিক্ষা বিস্তার’ বিষয়ক রচনায় অংশ নেয়। একই স্থানে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থী ‘জুলাইয়ের চেতনা’ বিষয়ক রচনায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন আহছানিয়া পাবলিক লাইব্রেরির অডিটর ও শিক্ষক মশিউজ্জামান, সম্পাদক আবুল ফজল, সহ-সভাপতি মো. খাইরুল হাসান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক মো. আনোয়ারুল হক, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক মাহমুদুন্নবী খান, শিক্ষক আব্দুস সাত্তার, নলতা মাদ্রাসার স্টাফ শাহরিয়ার, আহছানিয়া মিশনের স্টাফ মিজানুর ও ইদ্রিস আলীসহ সংশ্লিষ্টরা।
পরীক্ষা শেষে আহছানিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক আবুল ফজল বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই লাইব্রেরিটি বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, প্রতিযোগিতার বিষয়গুলো আগে থেকেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, যাতে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হবে।
মন্তব্য করুন