
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৈখালীর একটি রাস্তা দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাস্তাজুড়ে ধান লাগিয়ে এই প্রতিবাদ জানায়।
স্থানীয়রা জানান, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁদায় একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সাধারণ পথচারীসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় স্থানীয় যুবকেরা রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ করে।
এ বিষয়ে স্থানীয় মোঃ এবাদুল ইসলাম বলেন, আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভোগান্তির শেষ নেই। আমি ছোট বেলা থেকেই দেখছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি অবহেলিত। দীর্ঘদিন এভাবে চললেও কোন প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে রাস্তায় হাটু সমান কাঁদা সৃষ্টি হয়। এ বিষয়ে বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হলেও কোন সুরাহ না পেয়ে অবশেষে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে। আমরা চাই দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, আমি ফেসবুক থেকে বিষয়টি দেখেছি। রাস্তাটি দ্রুত কার্পেটিং হবে।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন করি। কিন্তু একটি পক্ষ বরাদ্দ কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি সীমান্ত সড়ক নামে কার্পেটিং এর জন্য অনুমোদন হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।
মন্তব্য করুন