
ডেস্ক রিপোর্ট: কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নয়জনের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। বাংলাদেশিদের মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে।
নিহত সাত বাংলাদেশি নাগরিক হলেন, সাতক্ষীরার কালিগঞ্জের রেবতী সরকার এবং একই এলাকার এস এম আলিমুজ্জামান, কুষ্টিয়ার বাসিন্দা দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমিন (২৭), তাদের সন্তান স্বর্ণশীষ দত্ত (২ বছর ৮ মাস), আফসানা শারমিনের বাবা আকরাম আলী (৭৪) ও ঢাকার সাভারের বাসিন্দা বাবু আহমেদ (৩৭)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুই ভারতীয় নাগরিকের একজন ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাশওয়ান (১৯)। অপরজন শিলিগুড়ির বাসিন্দা যোগী নারায়ণ (৬৮)।
অগ্নিকাণ্ডে আরও ছয়জন আহত হয়েছেন।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের আরও চারটি হোটেল থেকে প্রায় ৮০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বুধবার নিহতদের ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতেই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যেতে পারে।
মন্তব্য করুন