
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনালে টাইব্রেকারে শ্যামনগর উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে আশাশুনি উপজেলা দল।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে।
ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় শ্যামনগর উপজেলা দলের বিদেশি খেলোয়াড় গিয়াসের জোরালে শট আশাশুনি উপজেলার ডিফেন্ডার ফাহিমের মাথায় লেগে বল চলে যায় নিজেদের জালে। আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে যায় শ্যামনগর উপজেলা দল।
খেলার ২৬ মিনিটের মাথায় আবারও শ্যামনগর উপজেলার আক্রমণ। হৃদয়ের দুর্দান্ত শট সেভ করেন আশাশুনি উপজেলার গোলরক্ষক জিকে শান্ত। মুহুর মুহুর আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি হয়ে উঠে প্রাণবন্ত। দর্শক পরিপূর্ণ সাতক্ষীরা স্টেডিয়ামের গ্যালারি থেকে প্রতি মুহূর্তে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করা হয়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আশাশুনি উপজেলা দলের বিদেশি খেলোয়াড় বেনজামার গোলে সমতায় ফেরে খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে উভয় দল। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় বিদেশি খেলোয়াড় সামসির দুর্দান্ত গোলে ২-১ গোলে এগিয়ে যায় আশাশুনি উপজেলা। খেলার ৬৫ মিনিটের মাথায় আবারও আক্রমণে আশাশুনি উপজেলা দল। আশাশুনি উপজেলা দলের ১৭ নাম্বার জার্সিধারী রাজুর দৃষ্টি নন্দন গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। খেলার ৬৯ মিনিটে কর্নার কিক থেকে গোল করে ২-২ এ সমতা ফেরায় শ্যামনগরের বিদেশি খেলোয়াড় গ্যাস। এরপর আর কোনো গোল না হওয়ায় জয়-পরাজয় নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৪টির মধ্যে ৪টি গোল করে। অপর দিকে শ্যামনগর উপজেলা দল ৪টির মধ্যে ২ টি গোল করতে সক্ষম হয়।
ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রেফারি হিসেবে মাঠ পরিচালনা করেন নাসির উদ্দিন। সহকারী ছিলেন আবু ওয়াহেদ বাবলু ও ওয়াসিউদ্দীন খান বিপুল। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন নাজমুল। ম্যাচ কমিশনার আতাউর রহমান।
এছাড়া মাঠে ধারা বিবরণীতে ছিলেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন, শাহাজাহান আলী শাহিন ও আশরাফ হোসেন।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আশাশুনি উপজেলার গোলকিপার জি কে শান্ত। সে সমগ্র ম্যাচে গুরুত্বপূর্ণ ৮টির মধ্যে ৬টি শট সেভ করেন।
প্রসঙ্গত, আগামী ৩০ আগস্ট রোববার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আশাশুনি উপজেলা দল ও কালিগঞ্জ উপজেলা দল।
মন্তব্য করুন