
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল আলিম উপজেলার গাজীরহাট বাজার থেকে ব্যবসার কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার প্রাক্কালে দেবীশহর এলাকায় পৌঁছালে আব্দুল আলিমের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরন করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ওসি জানান, নিহতের মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। # ২৮.৮.২৬
মন্তব্য করুন